রেলস্টেশনের টিকিট কালোবাজারিদের না ধরার আবদার ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমানের। রোববার জেলা আইনশৃঙ্খলা সভায় তিনি এই আবদার রাখেন। তাছাড়া সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের মিছিল নিয়েও কথা হয়েছে। সভায় জেলা জামায়াতের আমীর মোবারক হোসাইন আকন্দ বলেন, মিছিলগুলো করে হয়তো দলকে সংগঠিত করার চেষ্টা করছে। এখন তারা মিছিল করার সুযোগ পাচ্ছে। একটা পর্যায়ে জ্বালাও-পোড়াও করার চেষ্টা করবে। হাইওয়েতে গাড়িতে আগুন লাগানো, চোরাগুপ্তা হামলা চালানোর চেষ্টা করবে। সেজন্য পূর্বসতর্কতা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আইনশৃঙ্খলার পরিস্থিতি নষ্ট হওয়ার বা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আগাম প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। আইনশৃঙ্খলার অবনতির সম্ভাবনা কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না। তাছাড়া উপজেলা হওয়ার জন্য প্রজ্ঞাপন আসছে। পাল্টাপাল্টি মিছিল মিটিং হচ্ছে। এর মাধ্যমেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলোও আমাদের প্রিপারেশন রাখা উচিত। আজকে যেমন ট্রেন অবরোধ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম বলেন, ওরা যেটা করছে ভয়ের কিছু নেই। টর্চ লাইট নিয়ে ভোরবেলা, সন্ধ্যা বেলা করছে। তার মনে ওদের শক্তি কতোটুকু বুঝতে পারছি। তিনি আরও বলেন- ইন্টারন্যাল ইস্যুতে যদি আমাদের শক্তি ও সময় ব্যয় না করতে হয় তাহলে অন্যান্য জরুরি কাজে সময় দিতে পারবো। এ প্রসঙ্গে কসবায় বিপ্লব ও সংহতি দিবসে সংঘর্ষ এবং উপজেলা ও ইউনিয়নের আন্দোলনে অতিরিক্ত ৭০ জন পুলিশ মোতায়েন করতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে সভায় রেলস্টেশনের টিকিট কালোবাজারি নিয়ে কথা হলে সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান বলেন, আমরা যারা দূর থেকে আসা-যাওয়া করি কালোবাজারি ধরে ফেললে টিকিট পাবো কোথায়। তার এ বক্তব্যের পর সভার সঞ্চালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ আবেগে এ ধরনের কথা না বলার অনুরোধ করেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী দালাল প্রতিরোধে হাসপাতালে মহিলা পুলিশ দেয়ার অনুরোধ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
