মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে মসজিদের ভেতরে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের এক মাস পরে সোমবার দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। গ্রেপ্তার ওসমান মুন্সী (৫৫) উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের শেখ গহেরের ছেলে। তিনি স্থানীয় চারআনী হালুয়াঘাটা মসজিদের ইমাম।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ই অক্টোবর বিকালে চারআনী হালুয়াঘাটা মসজিদের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত ওসমান মুন্সী। এ ঘটনায় গত ১০ই অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন শিশুটির মা। মামলা দায়েরের এক মাস পর সোমবার ঘটনা মীমাংসার জন্য সালিশি সভা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম তৌফিক আজম বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
