ময়মনসিংহ নগরের জুলাই শহীদ সাগর চত্বরে জয় বাংলা সেøাগান দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। রোববার দিবাগত রাত একটার পর দুর্বৃত্তরা চত্বরটিতে আগুন দেয়। এতে স্টিলের তৈরি স্মৃতিফলকটি পুড়ে বিবর্ণ হয়ে যায়। সোমবার সকালে কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এএসআই শেখ হাবিবুর রহমান অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার পরপরই পোড়া স্মৃতিফলকের নিচে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্য সচিব খলিলুর রহমান এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ সেøøাগান দিয়ে সাগর চত্বরে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ফায়ার সার্ভিসকে অবহিত করে ঘটনাস্থলে যায়। উল্লেখ্য, ২০২৪ সালের ১৯শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর মিন্টু কলেজ এলাকায় সন্ধ্যা ৭টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পরে আন্দোলনকারীরা তার স্মরণে ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করেন এবং সেখানে তার ছবি সংবলিত স্মৃতিফলক স্থাপন করেন। অনশনস্থলে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী পালিয়ে যাননি এবং প্রশাসনের প্রটোকলে এখনো ময়মনসিংহে অবস্থান করছেন, তাদের সংশ্লিষ্টতার কারণে এ ঘটনা ঘটেছে। তার দাবি, সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের আমরণ অনশন চলবে বলেও জানান তিনি।
