চাঁদপুরে জেলার বিভিন্ন থানা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে জিআর ও সাজাপ্রাপ্ত ৩ জনসহ মোট ৩১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক এবং ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে রোববার জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৮ জন, হাইমচর থানা পুলিশ ১ জন, ফরিদগঞ্জ থানা পুলিশ ২ জন, মতলব দক্ষিণ থানা পুলিশ ৩ জন, মতলব উত্তর থানা পুলিশ ১ জন, হাজীগঞ্জ থানা পুলিশ ৪ জন, শাহরাস্তি থানা পুলিশ ২ জন এবং কচুয়া থানা পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে। এদিকে মাদকবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে মতলব উত্তর থানা পুলিশ ৫ জন এবং কচুয়া থানা পুলিশ ৪ জনকে আটক করে।
এ ছাড়া জিআর ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে মতলব উত্তর থানা পুলিশ দুইজন এবং কচুয়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই বাছাই শেষে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। গ্রেপ্তারকৃত অন্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
