নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. আসাদুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী। রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ৮ই সেপ্টেম্বর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল থেকে আসাদুলকে আটক করে প্রশাসন।
পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার মুঠোফোনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার দাবি করেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, সহযোগী অধ্যাপক আবদুস সাত্তার জয় গণমাধ্যমকে জানান, আসাদুলের আগে থেকেই ছাত্রলীগের কার্যক্রমে সম্পৃক্ততা ছিল এবং গোপনে সংগঠনটির নেটওয়ার্ক রক্ষার চেষ্টার তথ্যও তারা পেয়েছেন।
