প্রশাসনিক জটিলতায় নিতে পারছেন না চিকিৎসা, বাঁচতে চান সাংবাদিক ইসাহাক

প্রশাসনিক জটিলতায় নিতে পারছেন না চিকিৎসা, বাঁচতে চান সাংবাদিক ইসাহাক

ফন্ট সাইজ:

মানুষের দুঃখ-দুর্দশা আর অসহায়ত্বের কথা তুলে ধরাই তার পেশা। সংবাদকর্মী হিসেবে দীর্ঘদিন অন্যের সংকটের কথা তুলে ধরেছেন। অথচ এবার নিজের জীবন বাঁচানোর আকুতি জানাতে হচ্ছে তাকে। গুরুতর কিডনি রোগ ও স্ট্রোকজনিত জটিলতায় আক্রান্ত বৈশাখী টেলিভিশন ও মানবজমিনের নাটোর জেলা প্রতিনিধি ইসাহাক আলী মৃত্যুর সঙ্গে লড়ছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে তাকে। কিন্তু জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের জটিলতায় আটকে গেছে তার চিকিৎসার প্রস্তুতি। এরমধ্যে এসএসসি ও এইচএসসি সনদ সংশোধন করে জমা দেয়ার নির্দেশনা পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

রোববার রাতে এক ফেসবুক লাইভে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবিক বিবেচনায় সমস্যার দ্রুত সমাধান চেয়েছেন ইসাহাক। ইসাহাক বলেন, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন তিনি। গত তিন বছর ধরে রয়েছে স্ট্রোকজনিত জটিলতা। বর্তমানে তার ক্রিয়েটিনিনের মাত্রা ১০ এর কাছাকাছি যা অত্যন্ত সংকটাপন্ন। একাধিকবার হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি প্রায় সাত দিন আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছে তাকে।

চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জটিলতা তার আরও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ইসাহাকের জন্মপরিচয় ঘিরে রয়েছে পারিবারিক বাস্তবতার ভিন্নতা। জন্মের পর থেকে বড় চাচা আলতাফ হোসেন ও চাচি সালেহা বেগমের কাছে বড় হয়েছেন তিনি। তাদেরই নিজের বাবা-মা হিসেবে জেনে এসেছেন। পরে জানতে পারেন, তার জন্মদাতা বাবা মেজো চাচা সুলতান মাহমুদ এবং মা কমলা বেগম। তার জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ ও এনআইডিতে রয়েছে পালিত বাবা-মায়ের নাম। অন্যদিকে জমিজমার দলিলে রয়েছে জন্মদাতা বাবার নাম। এই ভিন্নতার কারণে সম্পত্তিসংক্রান্ত কাজসহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে সমস্যায় পড়ছেন তিনি। সমাধানের জন্য জন্মনিবন্ধন সংশোধন ও প্রয়োজনীয় এফিডেভিট করেছেন তিনি।

ইতিমধ্যে উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তারা সরজমিন তদন্ত করে তার পারিবারিক পরিচয় সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। শিক্ষা সনদ সংশোধনের আগে অন্য কোথাও তা ব্যবহার করবেন না মর্মে অঙ্গীকারনামা দিয়েছেন কমিশনকে। এরপরও এনআইডি সংশোধনের জটিলতা কাটেনি। গত রোববার নির্বাচন কমিশন তাকে ১৫ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি সনদের নাম সংশোধন করে জমা দিতে এক খুদে বার্তা পাঠিয়েছেন বলে জানান তিনি। লাইভে কান্নাজড়িত কণ্ঠে ইসাহাক বলেন, সনদ সংশোধনে তার আপত্তি নেই। কিন্তু শিক্ষা বোর্ডের নির্ধারিত প্রক্রিয়া শেষ করে এত অল্প সময়ে সংশোধিত সনদ হাতে পাওয়া সম্ভব নয়। এ ছাড়া তার শারীরিক জটিলতা দিন দিন তীব্র হচ্ছে। তিনি বলেন, তার পালিত বাবা বর্তমানে শয্যাশায়ী। জন্মদাতা বাবাও পক্ষাঘাতগ্রস্ত। তিনি নিজেও এম্বুলেন্স ছাড়া চলাচল করতে পারেন না। এমন পরিস্থিতিতে তিনি বলেন, অসুস্থতা বিবেচনায় নিয়ে তদন্ত প্রতিবেদন ও দাখিল করা নথিপত্রের ভিত্তিতে দ্রুত এনআইডি সংশোধনের জটিলতা নিরসন করা হোক। সংশোধিত সনদ হাতে পাওয়ার আগ পর্যন্ত চিকিৎসার প্রয়োজনে পাসপোর্টসহ প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করার আইনসম্মত বিকল্প ব্যবস্থা বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস) মো. মঞ্জুর রহমান খান মানবজমিনকে বলেন, শিক্ষা সনদে বাবা-মায়ের নাম সংশোধন করা সময় সাপেক্ষ ব্যাপার। ১৫ দিনে তা সম্ভব নয়।

এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মো. জিয়াউর রহমান মানবজমিনকে বলেন, শিক্ষা সনদ সংশোধন করে আবেদন করতে হবে। তবে ১৫ দিনের মধ্যে সনদ সংশোধন করা সম্ভব নয় বলে জানালে তিনি এ বিষয়ে মন্তব্য করেননি। জীবনের এই কঠিন সময়ে ইসাহাকের আকুতি, আমি বাঁচতে চাই। চিকিৎসা নিতে চাই। পরিবারের কাছে ফিরে স্বাভাবিকভাবে বাকি জীবনটুকু কাটাতে চাই।