ডনের অ্যাকশন

রংপুর সিটি করপোরেশন

ডনের অ্যাকশন

ফন্ট সাইজ:

যতদিন যাচ্ছে পাল্টে যাচ্ছে রংপুরের চিত্র। নেই সেই চিরচেনা যানজট। অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভাঙা সড়ক সংস্কার, অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন সরিয়ে নেয়াসহ নগর উন্নয়নে রংপুরে চলছে বিশাল কর্মযজ্ঞ। নগরবাসী বলছেন, রংপুর সিটি করপোরেশনের (রসিক) প্রশাসক ‘ডনের ডাইরেক্ট অ্যাকশন’ চলছে। প্রথমত রংপুর সিটি করপোরেশনে ১৮শ’ কোটি টাকা বরাদ্দ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফর যেন রংপুরের উন্নয়নে স্ফুলিঙ্গ হয়ে কাজ করছে। গত ২০শে অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর আগমনকে ঘিরে শুরু হয় ভাঙা সড়ক সংস্কারের কাজ। সেই সঙ্গে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ।

যদিও নগরবাসীর ধারণা করেছিল প্রধানমন্ত্রীর রংপুর সফর শেষে আবারো আগের মতো হয়ে যাবে সব। তবে না, প্রধানমন্ত্রীর রংপুর সফরের পর কাজের গতি যেন আরও বেড়েছে। পুরো নগরের ভাঙা সড়ক সংস্কার, নতুন সড়ক নির্মাণের কাজ চলছে ত্বরিত গতিতে। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধ দখলদার ও হকারদের নিয়ন্ত্রণে থাকা রংপুরের ফুটপাথে নগরবাসীর নির্বিঘ্নে চলাচল ও যানজট নিরসনে চলছে উচ্ছেদ অভিযান। এতে করে যেন স্বস্তি ফিরেছে রংপুর নগর জুড়ে। আর প্রশংসায় ভাসছেন সিটি প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন। নগরীর আলমনগর এলাকার শমসের আলী বলেন, দীর্ঘদিন ধরে অবহেলার শিকার আমাদের এই রংপুর যেন এখন আলোর মুখ দেখছে। ভাঙা সড়ক উন্নয়নের কাজ চলছে। নতুন সড়ক হচ্ছে। ফুটপাথ দখলমুক্ত হয়েছে ফলে যানজটের সৃষ্টি হচ্ছে না।

মেরাজুল ইসলাম বলেন, রংপুরের উন্নয়ন হচ্ছে এতে আমরা আনন্দিত। তবে সিটি করপোরেশনের প্রতি অনুরোধ থাকবে নগরীর ধাপ, লালবাগ, মডার্ন মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে যানজট নিরসনে তারা যেন কাজ করেন। সালেহা বলেন, শ্যামাসুন্দরী খাল সংস্কার করলে রংপুর নগরীর আবারো সৌন্দর্যতা ফিরে পাবে। সেই সঙ্গে বিভিন্ন রোগ-বালাই, রোগ-জীবাণু ছড়াবে না। সিটি করপোরেশনের এখন শ্যামাসুন্দরী খাল নিয়ে কাজ করা জরুরি। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, ফুটপাথ থেকে যেসকল হকার ভাইদের উচ্ছেদ করা যায়— তা নিয়ে আমরা পরিকল্পনা সাজাচ্ছি। এ লক্ষ্যে আমরা রংপুর হকার্স মার্কেট পরিদর্শন করেছি। সরকারি বিধি-বিধান মেনেই হকার্স ভাইদের ব্যবসা পরিচালনা করতে হবে। নগরবাসীর চলাফেরা নির্বিঘ্ন করতে রংপুর সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে।