ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বুকসমান পানিতে নেমে পড়েন ৭৫ বছরের বৃদ্ধ আব্দুল বারেক পাটোয়ারী। ঘণ্টার পর ঘণ্টা পানিতে থেকে সংগ্রহ করেন শাপলা। এরপর মাথায় শাপলার বোঝা নিয়ে ছুটে চলেন হাটবাজার কিংবা পাড়া-মহল্লায়। সকাল থেকে দুপুর পর্যন্ত হাঁটাহাঁটি করে শাপলা বিক্রি করে তার উপার্জন হয় মাত্র দুইশত থেকে আড়াইশত টাকা। এই সামান্য আয়েই চলে তার সাত সদস্যের সংসার। এভাবেই প্রতিদিন বয়সের ভার আর অভাবের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ভোলার লালমোহন উপজেলার কর্তারকাচারি এলাকার বাসিন্দা আব্দুল বারেক পাটোয়ারী।
বারেক পাটোয়ারী জানান, প্রতিদিন ফজরের নামাজ আদায় করেই শুরু হয় তার কর্মব্যস্ততা। এরপর চলে যান বিলে। বুকসমান বিলের পানিতে নেমে বহু কষ্টে শাপলা তুলে বাড়ি ফেরেন। গোসল সেরে সেই শাপলা নিয়ে বেরিয়ে পড়েন বিক্রির উদ্দেশ্যে। কোনো দিন শাপলা, কোনো দিন শাক-সবজি; যা সংগ্রহ করতে পারেন, তা বিক্রি করেই ঘুরে তার জীবিকার চাকা। শাপলা বা শাক-সবজি বিক্রি করে দিনে দুইশত থেকে আড়াইশত টাকা উপার্জন হয় তার। কিন্তু এই সামান্য আয় থেকেও পঞ্চাশ টাকা ব্যয় হয় যাতায়াত খরচে। তিনি জানান, আমার বড় সংসার। ছেলে, ছেলের বউ, নাতনিসহ মোট সাত সদস্য। এত মানুষের ভরণপোষণের দায়িত্ব অনেকটাই আমাকেই নিতে হয়। ছেলে আয় করেও কিছু টাকা সংসার চালাতে আমাকে দেয়। তারপরও সংসার চালাতে হিমশিম খেতে হয়। এক মুঠা শাপলার দাম ১৫ থেকে ২০ টাকা চাই। কিন্তু অনেক সময় ১০ টাকায় বিক্রি করতে হয়। বৃদ্ধ বারেক আরও জানান, সরকারি চাল, বয়স্ক ভাতা কিংবা অন্য কোনো সরকারি সহায়তার কিছুই আমি পাই না। এই বৃদ্ধ বয়সেও আমাকে কষ্ট করতে হয়। অনেক সময় শরীর সায় দেয় না, শরীরে নানা রোগ।
তবুও পেটের টানে বের হতে হয়। তবে সরকারি সহায়তার চাল এবং বয়স্ক ভাতা পেলে অনেকটা সুবিধা হতো। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে তাকে বয়স্ক ভাতা প্রদানসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করবো।
