মৌলভীবাজারের কমলগঞ্জের ঘোড়ামারা সড়কের পাশের গাছ চুরির মামলায় মো. রশিদ মিয়া নামে এক ব্যবসায়ীকে মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ করা হয়েছে। গতকাল দুপুরে কমলগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী রশিদ মিয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী রশিদ মিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত এবং কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে কমলগঞ্জের রানী বাজারে ‘মেসার্স রশিদ ট্রেডার্স’ নামক রড-সিমেন্টের ব্যবসা পরিচালনার করছেন। নিকট অতীতে তিনি রানী বাজার ব্যবসায়ী সমিতির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার জীবনে কখনো কাঠ ব্যবসা বা কোনো অবৈধ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা ছিল না।
কিন্তু গত ১৫ই অক্টোবর রাতে কমলগঞ্জ-আদমপুর রাস্তার ঘোড়ামারা নামক স্থানে রাস্তার পার্শ্ববর্তী মূল্যবান আকাশি ও মেহগনি গাছ চুরির ঘটনা ঘটে। স্থানীয় কিছু কুচক্রী মহল ও থানা পুলিশের একাংশের আশ্রয়ে এই চুরির ঘটনা ঘটে বলে বিষয়টি তিনি মৌলভীবাজার পুলিশ সুপারকে অবগত করেন। এই কথায় স্থানীয় পুলিশ প্রশাসন তার ওপর ক্ষুব্ধ হয়। এর জেরে গাছ চুরির ঘটনার ৩ দিন পর কমলগঞ্জ থানার এসআই মিঠু বায় তাকে জরুরি আলাপ আছে বলে থানায় ডাকেন। পুলিশ কর্মকর্তার ডাক পেয়ে তিনি সরল বিশ্বাসে থানায় গেলে আলাপের কথা বলে তাকে সারারাত থানায় বসিয়ে রেখে চুরির ঘটনায় দায়ের করা জিআর ১২২/২০২৬ মামলায় সম্পূর্ণ অন্যায়ভাবে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। পরদিন সকালে তাকে আদালতে সোপর্দ করে। আদালতে ফরোয়ার্ডিং মূলে মিথ্যা অভিযোগ দেয়া হয় আমি নাকি চোরদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছি এবং চুরির সংবাদ দিয়েছি। অথচ আমার মোবাইল ফোন চেক করলে এমন কোনো তথ্যের প্রমাণ মিলবে না। তিনি দাবি করেন একটি মহলকে খুশি করতে তাকে অন্যায়ভাবে চুরির ঘটনায় ফাঁসানো হয়েছে। সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্রকৃত অপরাধীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বরং মাসোয়ারা নিয়ে নির্দোষ মানুষকে সাজা দিচ্ছে। মিথ্যা মামলায় দীর্ঘ ১৭ দিন জেল খেটে জামিনে বেরিয়ে এসে তিনি সংবাদ সম্মেলনের প্রকৃত গাছ চোরদের গ্রেপ্তার এবং তাকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে ন্যায়বিচার কামনা করেন। একই সঙ্গে গ্রেপ্তার ও কারাবন্দি থাকা অবস্থায় কিছু স্বার্থান্বেষী মহল ফেসবুকের ফেক আইডি থেকে তার ও তার শুভাকাঙ্ক্ষীদের জড়িয়ে মানহানিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে তার ভাতিজা সামাদুর রহমান উপস্থিত ছিলেন। এ বিষয়ে কমলগঞ্জ থানার এসআই মিঠু রায় বলেন, পুলিশ নিরীহ লোককে গ্রেপ্তার করার কথা নয়। গাছ চুরির ঘটনার প্রাথমিক তদন্তে রশিদ মিয়ার সম্পৃক্ততা পাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।
