মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশন ও সংরক্ষণের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে মৌলভীবাজার শহরতলী মোস্তফাপুর এলাকার ‘শামস্ ফুড’ বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস। অভিযানকালে বেকারিটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া পণ্য উৎপাদনের আগেই আগাম তারিখ উল্লেখ করে মেয়াদোত্তীর্ণের স্টিকার প্রস্তুত রাখার বিষয়টি নজরে আসে। কারখানার শ্রমিকদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণের ক্ষেত্রেও গুরুতর ঘাটতি পরিলক্ষিত হয়। খাদ্যপণ্য উৎপাদনের সামগ্রিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপত্তাবিধি অনুসরণ করা হচ্ছিল না। জানা যায়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সকল প্রতিষ্ঠানটিকে একাধিকবার সতর্ক করা হলেও কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। পরবর্তীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এদিকে জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে শহরের শমসেরনগর রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আনন্দ ফুড নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা এবং মেঘবাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠান দু’টিতে খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রস্তুতের ক্ষেত্রে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ, স্যাঁতসেঁতে স্থান এবং স্বাস্থ্যসম্মত পরিবেশের ঘাটতি পরিলক্ষিত হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন।
