কুষ্টিয়ার দৌলতপুরে শিল্পনগরী আল্লারদর্গা বাজারে মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানের পণ্য সামগ্রী ও নগদ টাকা পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রোববার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে খোকন টেলিকমের লিটনের মোবাইল ফোনের দোকান, সোহেলের জুতা-স্যান্ডেলের দোকান এবং কুমোদের সেলুন পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়।
মধ্যরাতের আগুন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত খোকন টেলিকমের মালিক খোকন ও লিটন জানান, তাদের দোকানে থাকা নগদ দুই লাখ টাকার বেশি, মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়াও পাশের দু’টি দোকানের অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানিয়েছেন। ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, দৌলতপুরের আল্লারদর্গা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ৩টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে।
