মানবজমিনে সংবাদ প্রকাশের পর ক্যান্সারে আক্রান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সত্যব্রত ঘোষ অর্ঘ্যকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়। গত রোববার শিবালয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার অর্ঘ্য ও তার পরিবারের হাতে এ অর্থ তুলে দেন। অর্ঘ্য শিবালয় উপজেলার দশচিড়া গ্রামের বাসিন্দা। তিনি গণবিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী। গত ১৫ই আগস্ট তার সাইনো-ন্যাজাল ক্যান্সার শনাক্ত হয়। ইতিমধ্যে একটি চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়েছেন। অন্য চোখটিও প্রায় ৯০ শতাংশ অন্ধকারে।
এ ছাড়া অর্ঘ্যর একটি চোখে অস্ত্রোপচার ও কেমোথেরাপি দেয়া হয়েছে। অর্ঘ্যর পরিবার জানিয়েছিল, দেশে চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচার ও ওষুধের পেছনে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া প্রয়োজন। কিন্তু আর্থিক সংকটে পরিবারটি তার চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছিল।
এ অবস্থায় অর্ঘ্যর চিকিৎসার জন্য সহায়তা চেয়ে মানবজমিনে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে তাকে এক লাখ টাকা সহায়তা দেয়া হলো। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবার শ্রেণিকক্ষে ফেরার স্বপ্ন দেখছেন অর্ঘ্য।
