ব্যাংকঋণ পরিশোধ করতে না পারায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ি এম এ জলিল ওরফে অনন্ত জলিলের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান। ব্যবসা টিকিয়ে রাখতে অংশীদারও খুঁজে পাননি তিনি। এরই মধ্যে শুধু এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তার স্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। তৈরি পোশাকশিল্পে ছোট পরিসরে যাত্রা শুরু করে গত আড়াই দশকে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন অনন্ত জলিল।
এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের অন্যতম শীর্ষ তৈরি পোশাক ব্যবসায়ীদের একজন হয়ে ওঠেন। তবে নানা সংকটের কারণে ধীরে ধীরে বন্ধ হতে থাকে তার একের পর এক শিল্পপ্রতিষ্ঠান। বিপুল অঙ্কের ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন অনন্ত জলিল। এতে অর্থায়নকারী ব্যাংকগুলোও বিপাকে পড়েছে। ব্যাংকের আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল বলেন, করোনার সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে শ্রমিকদের কাজ না থাকলেও বসিয়ে বসিয়ে বেতন-ভাতা দিয়েছি। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে। এ অবস্থা কাটিয়ে উঠতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন।
