নতুন নামে, নতুন যাত্রা

নতুন নামে, নতুন যাত্রা

ফন্ট সাইজ:

টেলিভিশনের গণ্ডি পেরিয়ে ওটিটি, ইউটিউব আর ফেসবুকের যুগে প্রবেশ করলেন দেশের নাট্যকাররা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের সংগঠনের নামও বদলে ফেললেন তারা। শনিবার বিকাল ৫টায় রাজধানীর নিকেতনে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত ত্রৈমাসিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় ‘টেলিভিশন নাট্যকার সংঘ’র নতুন নাম হবে ‘স্ক্রিন রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’। নাট্যকার আফরিন জেসিকার সঞ্চালনায় শুরু হয় সভা। উদ্বোধনী বক্তব্য রাখেন সভার আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল এবং নাট্যকার বিদ্যুৎ রায়। নাম পরিবর্তনের বিষয়টি পরিষ্কার করে ব্যাখ্যা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন। তিনি বলেন, আজকাল নাট্যকাররা শুধু টেলিভিশনের জন্য লেখেন না।

ওটিটি, ইউটিউব, ফেসবুকসহ নানা ডিজিটাল মাধ্যমে তাদের লেখা প্রচার হচ্ছে। কিন্তু ‘টেলিভিশন নাট্যকার সংঘ’ নামটা শুনলেই মনে হয়, এটা শুধু টিভি’র লেখকদের সংগঠন। এতে ডিজিটাল মাধ্যমে কাজ করা অনেক লেখক বাইরে থেকে যান। আমরা চাই টেলিভিশন, ওটিটি, ইউটিউব, ফেসবুক- সব মাধ্যমে কাজ করা নাট্যকার ও স্ক্রিন রাইটার একই ছাতার নিচে আসুক। সবার একটা অভিন্ন পেশাগত পরিচয় থাকুক।

সেই উদ্দেশ্যেই এই নাম পরিবর্তন। সভায় সংগঠনের নতুন কমিটির কার্যক্রম ও অগ্রগতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন মেজবাহ উদ্দিন সুমন। পাশাপাশি প্রস্তাবিত নতুন গঠনতন্ত্র পাঠ করে শোনান নাট্যকার মনসুর রহমান চঞ্চল। নতুন নাম, গঠনতন্ত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত নাট্যকারদের মধ্যে খোলামেলা মতবিনিময় হয়। সভাপতির বক্তব্যে নাট্যকার শিহাব শাহীন বলেন, সংগঠনের কাজকে আরও গতিশীল ও সময়োপযোগী করতে হবে।