‘বিকাশ’সহ বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ আলোচনায় এসেছেন নায়মা আলম মাহা। বিজ্ঞাপনের পাশাপাশি বিশেষত রায়হান রাফীর ‘প্রেসার কুকার’ সিনেমা এবং অমি’র ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন মাহা। এদিকে, এটিএন বাংলায় প্রচার চলতি রয়েছে মাহা অভিনীত ধারাবাহিক নাটক ‘দলছুট পাখিরা’। নাটকটির গল্পের অন্যতম প্রধান চরিত্র তিনি। অন্যদিকে, সম্প্রতি প্রচারে এসেছে তার নতুন বিজ্ঞাপন। একটি বাজার সদাইয়ের ইনস্ট্যান্ট ডেলিভারি অ্যাপের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন মাহা। এটি নির্মাণ করেছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা, নির্দেশক জিয়াউল হক পলাশ।
এর আগে পলাশের সঙ্গে মাহা প্রথম ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকেই অভিনয় করেছেন। পলাশের নির্দেশনায় এবারই প্রথম মাহার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা। বিজ্ঞাপনটি প্রচারে আসার পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন মাহা। তিনি বলেন, বিজ্ঞাপনটি প্রচারে আসার পর থেকেই অবিশ্বাস্য রকমের সাড়া পাচ্ছি। এর আগেও আমি বিকাশের বিজ্ঞাপনে কাজ করে ভীষণ সাড়া পেয়েছিলাম। তবে এই বিজ্ঞাপনটির জন্য যেন একটু বেশিই সাড়া পাচ্ছি। কারণ এর কনসেপ্টটা অন্যরকম এবং নির্মাণশৈলীও দারুণ। পলাশের অভিনয়ের ভক্ত ছিলাম আমি। তার সঙ্গে অভিনয় করতে গিয়ে ভালো লেগেছে। এবার তার নির্দেশনায় প্রথম কাজ করলাম। নির্মাতা হিসেবেও সে বিচক্ষণ ও দক্ষ। আর কাজটা ভালো বলেই আমি এত সাড়া পাচ্ছি।
