দেশের কোমলমতি শিশুদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও সহজাত সৃজনশীলতা রক্ষার স্বার্থে প্রাথমিকে (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি) ভর্তি পরীক্ষা পুরোপুরি বন্ধ ঘোষণা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত বোর্ডবই ছাড়া সব বাণিজ্যিক অতিরিক্ত বই নিষিদ্ধ এবং সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক কোর্স ব্যতীত প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ এর মতো সব অননুমোদিত কোর্স নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মাহমুদুল হাসান মামুন পিটিশনার হিসেবে জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিট পিটিশন নম্বর: ১৫৯৩২ অব ২০২৬ (15932 of 2026)। রিটে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে আইনি যুক্তি তুলে ধরে বলা হয়, ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০’ অনুযায়ী প্রাথমিক শিক্ষায় কোনো প্রকার বাধা ছাড়া ভর্তি হওয়া প্রতিটি শিশুর নিরঙ্কুশ আইনি অধিকার (Statutory Right)। কিন্তু ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রণয়ন করে সরকার প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে কোমলমতি শিশুদের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মুখোমুখি করছে, যা মূল আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং সম্পূর্ণ এখতিয়ারবহির্ভূত (ultra vires)। এই বেআইনি পরীক্ষার কারণে শিশুদের মনে তীব্র ভীতি ও মানসিক ট্রমা তৈরি হচ্ছে।
রিটে আরও উল্লেখ করা হয়, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮’-এর সুস্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক প্রকাশনীগুলোর সাথে অনৈতিক যোগসাজশে এনসিটিবি অনুমোদিত বইয়ের বাইরে শিশুদের ওপর অতিরিক্ত সহায়ক বই ও গাইডের বিশাল বোঝা চাপিয়ে দিচ্ছে। এই অমানবিক মানসিক চাপ ও ভারী বইয়ের বোঝার কারণে শিশুদের মেরুদণ্ডের ক্ষতিসহ শারীরিক সুস্থতা এবং স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে।
তাছাড়া ‘জাতীয় শিক্ষানীতি, ২০১০’-এ শিশুদের জন্য কেবল এক বছরের সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক শিক্ষার কথা বলা থাকলেও তা মানা হচ্ছে না। দেশব্যাপী কিন্ডারগার্টেন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বেআইনিভাবে অনুমোদিত কোর্সের বাইরে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ এর মতো একাধিক স্তরের অননুমোদিত কোর্স চালু করে শিক্ষাকে বাণিজ্যিক ফাঁদে পরিণত করেছে।
পিটিশনে বলা হয়, শিশুদের মুক্তচিন্তা ও সহজাত সৃজনশীলতা ধ্বংস করে মুখস্থবিদ্যার মধ্যে আবদ্ধ করার এই অপচেষ্টা সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী মর্যাদাপূর্ণ জীবনের অধিকার, ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইনের আশ্রয়লাভ এবং ১৭ ও ২৭ অনুচ্ছেদের অধীনে সমতাভিত্তিক ও গণমুখী শিক্ষার নিশ্চয়তার সুস্পষ্ট লঙ্ঘন।
এ অবস্থায়, প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, এনসিটিবির বাইরে অতিরিক্ত বই পাঠ্যভুক্ত করা নিষিদ্ধ এবং সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক কোর্স ব্যতীত প্লে, নার্সারি ও কেজিসহ সব অননুমোদিত কোর্স পরিচালনা কেন নিষিদ্ধ ঘোষণা করা হবে না—তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিশুদের সুরক্ষায় এসব কার্যক্রমের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাওয়া হয়েছে।
