সমবায় দিবসের সভায় নীরব সমবায় কর্মকর্তা

ফন্ট সাইজ:

করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তবে দিবসটির আলোচনা সভায় উপজেলার সমবায় সমিতিগুলোর কার্যক্রম, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে কোনো বক্তব্য দেননি উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক হোসেন। এমনকি স্বাগত বক্তব্যে মঞ্চে উপস্থিত অতিথিদের নামও উল্লেখ করেননি তিনি। এ ঘটনায় সভায় উপস্থিত অতিথিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক। তবে তার বক্তব্যে সমবায় বিভাগের নিয়মিত কার্যক্রম, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির বর্তমান অবস্থা, সদস্যদের সমস্যা কিংবা সমবায় খাতের উন্নয়নে গৃহীত উদ্যোগ সম্পর্কে কোনো তথ্য উঠে আসেনি।

এ সময় সালথা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ সমবায় কর্মকর্তাকে তার দপ্তরের কার্যক্রম ও উপজেলার সমিতিগুলোর সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত বক্তব্য দেয়ার অনুরোধ জানান। কিন্তু এরপরও এ বিষয়ে কোনো বক্তব্য দেননি ওই কর্মকর্তা। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিজভী আহমেদ সবুজ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান খান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, উপজেলা যুবদল নেতা কামরুল ইসলামহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জাতীয় সমবায় দিবসের মূল উদ্দেশ্য হলো সমবায় আন্দোলনকে শক্তিশালী করা, সমবায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায় খাতের অবদান তুলে ধরা। সে বিবেচনায় উপজেলা পর্যায়ে সমবায় বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সৈয়দ ইশতিয়াকের কাছ থেকে উপজেলার সমিতিগুলোর সার্বিক চিত্র, অর্জনসহ বিস্তারিত তথ্য তুলে ধরার প্রত্যাশা ছিল উপস্থিত ব্যক্তিদের।