কক্সবাজারের উখিয়ায় পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দু’জন আদালতের সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারকৃত ছয়জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আটটি ওয়ারেন্ট ছিল। রোববার উখিয়া থানার ওসি আতিকুর রহমান এ তথ্য জানান। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি একজন, জিআর ওয়ারেন্টভুক্ত চারজন এবং সিআর সাজা ওয়ারেন্টভুক্ত দু’জন রয়েছেন। জিআর ও সিআরসহ মোট আটটি ওয়ারেন্ট তামিল করা হয়েছে।
সাজাপ্রাপ্ত দু’জনের মধ্যে নুরুল আমিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকের দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অপর সাজাপ্রাপ্ত ছালেহ আহমদকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের একজন বাসিন্দাও রয়েছেন। বাকি ব্যক্তিরা উখিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা। গ্রেপ্তার সাতজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
