কিশোরগঞ্জে পরিসংখ্যান দিবসের আলোচনা সভা

ফন্ট সাইজ:

‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান- টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা করেছে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়ের ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. মহিদুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা টেকসই উন্নয়ন ও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। এতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।