প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর বটমস

প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর বটমস

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কেইশা ল্যান্স বটমস। এর মধ্যদিয়ে দেশটির কোনো অঙ্গরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক অঙ্গরাজ্যে ডেমোক্রেটদের বড় জয় এনে দিলেন আটলান্টার সাবেক এই মেয়র।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে মার্কিন সংবাদমাধ্যমগুলোর পূর্বাভাস অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ও ব্যবসায়ী রিক জ্যাকসনকে পরাজিত করেছেন বটমস। এই জয়ের মধ্যদিয়ে তিনি জর্জিয়ার প্রথম নারী গভর্নর হিসেবেও দায়িত্ব নিতে যাচ্ছেন।

টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে বিদায় নিতে যাওয়া রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হবেন ৫৬ বছর বয়সী বটমস। এর আগে তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি হোয়াইট হাউসের অফিস অব পাবলিক এনগেজমেন্টের পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।

কৃষ্ণাঙ্গ নারীদের জন্য নতুন মাইলফলক
বটমসের এই জয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কৃষ্ণাঙ্গ নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে ডেমোক্রেটিক পার্টির অন্যতম প্রধান ভোটভিত্তি হিসেবে ভূমিকা রেখে আসছেন কৃষ্ণাঙ্গ নারীরা। তবে দেশটির সর্বোচ্চ নির্বাচিত রাজনৈতিক পদগুলোতে তাদের প্রতিনিধিত্ব বরাবরই সীমিত ছিল।

একই দিনে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক অঞ্চল ইউএস ভার্জিন আইল্যান্ডসের গভর্নর নির্বাচিত হয়েছেন স্টেসি প্লাসকেট। এর মধ্যদিয়ে কোনো মার্কিন প্রশাসনিক অঞ্চলের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।
অন্যদিকে ফ্লোরিডার গভর্নর নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য বায়রন ডোনাল্ডস। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ রিপাবলিকান গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন।

জর্জিয়ার রাজনীতিতে বড় পরিবর্তন
বটমসের জয় জর্জিয়ার রাজনীতিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অঙ্গরাজ্যটিতে ডেমোক্রেটিক জোটের প্রধান শক্তি হিসেবে কাজ করেছেন কৃষ্ণাঙ্গ ভোটাররা। তাদের সক্রিয় অংশগ্রহণের ফলে একসময় রিপাবলিকানদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়া এখন জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যে পরিণত হয়েছে।

দুই দশকেরও বেশি সময় ধরে জর্জিয়ার গভর্নরের কার্যালয় রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল। বটমসের জয় সেই দীর্ঘ রাজনৈতিক আধিপত্যে পরিবর্তন আনলো।

পরাজিত প্রার্থী রিক জ্যাকসন স্বাস্থ্যসেবা খাতে কর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান জ্যাকসন হেলথকেয়ারের বিলিয়নিয়ার প্রতিষ্ঠাতা। নির্বাচনী প্রচারণায় নিজেকে প্রচলিত রাজনীতির বাইরের একজন ব্যক্তি হিসেবে তুলে ধরেছিলেন তিনি। কর কমানো, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি বিধিনিষেধ শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন জ্যাকসন।

স্টেসি আব্রামসের প্রচারণার পথ ধরে
যুক্তরাষ্ট্রের কোনো প্রধান রাজনৈতিক দল থেকে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে গভর্নর পদে মনোনয়ন পাওয়ার আট বছর পর বটমসের এই ঐতিহাসিক জয় এলো। ২০১৮ সালে জর্জিয়ার গভর্নর পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেয়েছিলেন স্টেসি আব্রামস। পরে ২০১৮ ও ২০২২ সালের নির্বাচনে তিনি পরাজিত হন।

তবে আব্রামসের নির্বাচনী প্রচারণা বিভিন্ন বয়স ও বর্ণের মানুষের সমন্বয়ে একটি শক্তিশালী রাজনৈতিক জোট গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ফলে জর্জিয়ায় ডেমোক্রেট ভোটারদের উপস্থিতি বাড়ে। পরবর্তী সময়ে এই জোটের প্রভাবেই অঙ্গরাজ্যটি থেকে দুইজন ডেমোক্রেটিক সিনেটর নির্বাচিত হন। পাশাপাশি কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো কোনো ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জর্জিয়ার ইলেক্টোরাল ভোট জয় করেন।

বটমসের ঐতিহাসিক বিজয় সেই রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় জর্জিয়ায় ডেমোক্রেটদের অবস্থান আরও শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে।