সরকারি অনুমোদন ছাড়া ১২টি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) ইস্যু না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের প্রতারণা ও মানবপাচারের ঝুঁকি এড়াতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়াগামী কর্মীদের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া বহির্গমন ছাড়পত্র ইস্যু না করার নির্দেশনা দেয়া হয়েছে।
বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) এক চিঠিতে সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নির্দেশনার পরিপ্রেক্ষিতে বায়রা সদস্যদের কাছে চিঠিটি পাঠিয়েছে।
এই নির্দেশনার ফলে উল্লিখিত ১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের নিয়োগপ্রক্রিয়া, মন্ত্রণালয়ের অনুমোদন ও বহির্গমন ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত হওয়ার আগে কোনো আর্থিক লেনদেন বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা জরুরি।
বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু ভিসা পাওয়া কিংবা কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চাকরির প্রস্তাব পাওয়াই বৈধ ও নিরাপদ অভিবাসনের নিশ্চয়তা নয়। সংশ্লিষ্ট দেশের কর্মসংস্থানের প্রকৃত সুযোগ, নিয়োগকর্তার পরিচয়, চাকরির চুক্তি, বেতন-ভাতা, ভিসার ধরন এবং বাংলাদেশের সরকারি অনুমোদন যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ করে কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামসহ কয়েকটি দেশে অনলাইন প্রতারণা ও স্ক্যাম কম্পাউন্ডে জোরপূর্বক আটকে রেখে প্রতারণামূলক কাজে বাধ্য করার ঘটনা আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি করেছে। চাকরির প্রলোভনে এসব দেশে গিয়ে অনেক বাংলাদেশি প্রতারণা, শোষণ, আটকে রাখা এবং মানবপাচারের শিকার হয়েছেন। ফলে এসব গন্তব্যে কর্মসংস্থানের নামে কোনো প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।
বিদেশগামী কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, কোনো প্রলোভন বা দালালের কথায় সিদ্ধান্ত না নিয়ে সরকারি অনুমোদন, বৈধ নিয়োগপ্রক্রিয়া এবং নিরাপদ অভিবাসনের বিষয়টি নিশ্চিত করেই বিদেশযাত্রার প্রস্তুতি নিতে হবে।
১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্র না দেয়ার নির্দেশ
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
৪ নভেম্বর (বুধবার), ২০২৬, ১১ঃ৪৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
