এইকে অ্যাথেন্সের বিপক্ষে নাটকীয় কামব্যাকে অনবদ্য এক জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ। দুবার পিছিয়ে পড়েও হাল ছাড়লো না অল হোয়াইটরা। অলউইন অ্যারেনায় যোগ করা দ্বিতীয় মিনিটের গোলে গ্রিসের ক্লাবটির বিপক্ষে জয়ের মালা পড়লো রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে শুরু থেকেই রিয়ালকে চেপে ধরে অ্যাথেন্স। ম্যাচের দ্বাদশ মিনিটে আবুবাকারি কৈতার নিখুঁত বাঁ পায়ের শটে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অ্যাথেন্স। ৩২ মিনিটে মার্ক কুকুরেয়ার ক্রসে দারুণ ফিনিশিংয়ে রিয়ালকে সমতায় ফেরান ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের রোমাঞ্চ পৌঁছায় চরম সীমায়। ৭৫ মিনিটে স্তাভরোস পিলিওসের বাঁ পায়ের শট রিয়ালের জালে জড়ালে ২-১ ব্যবধানে আবারো লিড নেয় অ্যাথেন্স। তবে অল হোয়াইটদের জবাব দিতেও বেশি সময় লাগেনি। ঠিক তিন মিনিট পর, ৭৮ মিনিটে বক্সের ভেতর থেকে কিলিয়ান এমবাপ্পের ক্লিনিক্যাল ফিনিশিংয়ে ম্যাচে আবার ২-২ সমতা ফিরিয়ে আনে রিয়াল।
এরপর শুরু হয় আসল নাটক। চার মিনিটের যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে থেকে ফেদে ভালভার্দের নেয়া বুলেট গতির শট সোজা অ্যাথেন্সের জালে আশ্রয় নেয়। গ্যালারি স্তব্ধ করে দিয়ে শেষ বাঁশি বাজার ঠিক দুই মিনিট আগে রিয়ালকে ৩-২ গোলের এক কামব্যাক জয় এনে দেন এ উরুগুইয়ান তারকা।
পুরো ম্যাচে বারবার পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরে আসা এবং যোগ করা সময়ে ভালভার্দের সেই দূরপাল্লার রকেট শটে তিন পয়েন্ট নিশ্চিত করা—সব মিলিয়ে এক খাঁটি ‘রিয়াল কামব্যাক’ দেখলো ফুটবল বিশ্ব।
