যশোরের অভয়নগরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় আট ঘণ্টার ব্যবধানে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হন। এসব দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নওয়াপাড়া ভৈরব সেতুসংলগ্ন এলাকায় একটি পরিবহনের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হন। নিহতরা হলেনÑ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের মঈন বিশ্বাসের ছেলে আব্দুস সমাদ বিশ্বাস (৫০) এবং একই গ্রামের হায়দার আলীর ছেলে আব্দুল ওহাব (৫৫)। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া এলাকার উড়োতলা নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ আল আপন (২২) নামে এক কলেজছাত্র নিহত হন। এ ঘটনায় হোসেন আলী (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, প্রতিবেশী হোসেন আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন আপন। রাত ১২টার দিকে তারা উড়োতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জনই গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নেয়া হলে আপনকে মৃত ঘোষণা করা হয়। আহত হোসেনকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আপন উপজেলার বুইকারা গ্রামের ওবায়দুর রহমানের ছেলে। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। ভৈরব সেতুসংলগ্ন এলাকায় ভ্যানের দুই যাত্রী নিহত হওয়ার ঘটনাটিও পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অভয়নগরে আট ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
অভয়নগর (যশোর) প্রতিনিধি
৫ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
