সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে মো. হারুন (৩২) নামে এক পোশাক শ্রমিকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বুধবার সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতী গ্রামের মরিচকাটা এলাকার সোনামিয়া ভিলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হারুন (৩২) পাবনা জেলার ফরিদপুর থানার রতনপুর গ্রামের শাহজাহান মিঞার ছেলে। তিনি গাজীপুরের তুরাগ এলাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরিচকাটা এলাকার সানামিয়া ভিলার একটি ভাড়া বাসায় হারুনের পচন ধরা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি থানায় জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এ সময় মরদেহের মাথায় একাধিক আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, প্রায় পাঁচ মাস আগে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে কলতাসুতী গ্রামের মরিচকাটা এলাকার সোনামিয়া ভিলায় ভাড়াটে হিসেবে ওঠেন হারুন। ভবনটির দ্বিতীয় তলার তিন নম্বর কক্ষের দক্ষিণ পাশের অংশে তারা বসবাস করতেন।
আশুলিয়ার কবিরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রকৃত অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
আশুলিয়ায় পোশাক শ্রমিকের গলিত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
৫ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
