এইচএসসি পরীক্ষা

বরিশালের শূন্য পাস ১১ প্রতিষ্ঠান প্রধানকে সভাপতিসহ শিক্ষা বোর্ডে হাজিরের নির্দেশ

ফন্ট সাইজ:

এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করার ব্যাখ্যা দিতে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে কমিটির সভাপতিকেও বোর্ডে ডাকা হয়েছে। গত ২রা নভেম্বর বরিশাল শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এ শোকজ নোটিশে এ তথ্য জানা গেছে। নোটিশে ১১ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পরিচালনা পর্ষদের সভাপতিকে সঙ্গে নিয়ে আগামী ১০ই নভেম্বর বোর্ডে সশরীর উপস্থিত হয়ে ফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
শোকজ নোটিশে বলা হয়েছে, কী কারণে কোনো শিক্ষার্থী পাস করেনি তার যথাযথ ব্যাখ্যা প্রদানের জন্য আগামী ১০ই নভেম্বর ১১ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সভাপতিকে শিক্ষা বোর্ডে হাজির হতে বলা হয়েছে। তাদের কাছ থেকে সমস্যাগুলো আগে জানতে হবে তারপর কী ব্যবস্থা নেয়া যায় তা নির্ধারণ করা হবে।
নোটিশ পাওয়া ১১ প্রতিষ্ঠানের মধ্যে পটুয়াখালীর তিনটি, ভোলার তিনটি, বরগুনার দুটি, পিরোজপুরের দু’টি এবং ঝালকাঠির একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলোÑপটুয়াখালীর গলাচিপা উপজেলার বিপিসি স্কুল অ্যান্ড কলেজ, মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজ এবং সদর উপজেলার আউলিয়াপুর ছাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজ।
ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা জালাল আহম্মেদ কলেজ, লালমোহন উপজেলার রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এবং সদর উপজেলার মেদুয়া কলেজও এ তালিকায় রয়েছে।
বরগুনার বেতাগী উপজেলার কদভানু মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ এবং পাথরঘাটা উপজেলার হোগলাপাশা কলেজ, পিরোজপুরের কদমতলা জর্জ হাইস্কুল অ্যান্ড কলেজ ও নাজিরপুর উপজেলার দিঘিরজান স্কুল অ্যান্ড কলেজ এবং ঝালকাঠির নলছিটি উপজেলার এডভোকেট এইচ আর কে ফাউন্ডেশন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট অ্যান্ড কলেজকে নোটিশ দেয়া হয়েছে। অধ্যক্ষ বা প্রধান শিক্ষক ব্যতীত অন্য কারও উপস্থিতি কাম্য নয় বলেও পত্রে জানানো হয়েছে।