জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফন্ট সাইজ:

জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ ওরফে লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সিরাজুল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালে বগুড়ার আদমদিঘী উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের কোনো সন্তান না থাকায় বিভিন্ন সময় ঝগড়া-বিবাদ লেগে থাকতো। ২০২৩ সালের ৭ই মার্চ রাতে পারিবারিক কলহের জেরে সিরাজুল স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে ও গলা কেটে হত্যা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পরদিন আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলার শুনানি শেষে আদালত গতকাল এ রায় দেন।