পটকা বিক্রি বন্ধে হস্তক্ষেপ দাবি সিলেট ব্যবসায়ী নেতৃবৃন্দের

ফন্ট সাইজ:

আসন্ন শ্যামাপূজা ও কালীপূজায় সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ এড়াতে বিপজ্জনক বিস্ফোরক ও ক্ষতিকর পটকা বর্জন এবং বেচাকেনা সম্পূর্ণ বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ। একইসঙ্গে এসব ক্ষতিকর সামগ্রী বিক্রি না করার জন্য সাধারণ ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানিয়েছেন তারা। গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ‘বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা’ এবং ‘সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ’র নেতৃবৃন্দ এই আহ্বান জানান। এদিকে, ক্ষতিকর পটকা ও বিস্ফোরক দ্রব্যাদি বন্ধের লক্ষ্যে সম্প্রতি ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান করেন ‘বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখা’র নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা বলেন, আগামী রোববার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালীপূজা অনুষ্ঠিত হবে। এ উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর সিলেটের কিছু চিহ্নিত এলাকায় প্রকাশ্যে নানা ধরনের ক্ষতিকর ও বিপজ্জনক পটকা বিক্রি করা হয়। এতে তীব্র শব্দ দূষণের পাশাপাশি জনজীবনে বিরক্তি এবং সামগ্রিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হয়। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেনÑ সিলেট জেলা ব্যবাসয়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি মো. আব্দুস ছোবহান, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, শ্রম সচিব শুয়েভ আহমদ অভি, সহ-সাংগঠিনক সম্পাদক মীর মোহাম্মদ জাকারিয়া।