প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তনে পরিমার্জিত কারিকুলাম আসছে: প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

চা বাগানের শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় শিশু শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আনন্দে মেতে উঠে তিনি নিজেই শ্রেণিকক্ষে দীর্ঘক্ষণ পাঠদান করেন। এ সময় শিক্ষার্থীরাও মন্ত্রীর সঙ্গে আনন্দঘন পরিবেশে পাঠদান কার্যক্রমে অংশ নেয়। মন্ত্রীর এমন ব্যতিক্রমী উদ্যোগে বিদ্যালয় জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বুধবার সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন পাঠদানে মত্ত হন প্রতিমন্ত্রী। তিনি বিদ্যালয়ে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তনে নতুন মনিটরিং নীতিমালা ও পরিমার্জিত কারিকুলাম আসছে। তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি শিশু প্রকৃত অর্থে কতোটুকু শিখছে, পাঠদানের মান কেমন এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম কতোটা কার্যকর, এসব বিষয় নতুন মনিটরিং ব্যবস্থার আওতায় আরও নিবিড়ভাবে তদারকি করা হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের বয়স ও সক্ষমতাভিত্তিক, বিজ্ঞানসম্মত ও আনন্দময় শিখন নিশ্চিত করতে কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে। স্কুল ফিডিং কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে দেশের ১০০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু করেছে এবং আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে এ কর্মসূচি দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মাধবপুর উপজেলায় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডঋচ) শতাধিক বিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় স্কুল ফিডিং কার্যক্রম পরিচালনা করছে। সরকারের চলমান কর্মসূচির সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচির কার্যক্রমের অভিজ্ঞতা ও পার্থক্য সরজমিন পর্যালোচনা করাই এ সফরের অন্যতম উদ্দেশ্য। এ সময় তিনি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন। পাশাপাশি বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক ও লিটল এগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। এ ছাড়া বিদ্যালয়ের বাগান ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী। পরে দুপুরে তিনি উপজেলার জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডঋচ) বাংলাদেশের হেড অব প্রোগ্রাম জেসি উড এবং স্কুল ফিডিংবিষয়ক প্রোগ্রাম পলিসি অফিসার এমা লেফু উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদসহ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।