কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভাড়া বাসা থেকে সুমী আক্তার মীম (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে জালিয়াপালং ইউনিয়নের মো. শফির বিল এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস ধরে ওই বাসায় ভাড়া থাকতেন মীম। বুধবার দুপুরে বাসার ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি ভোটার পরিচয়পত্র ও চাকরি-সংক্রান্ত পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এসব পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তিনি ঢাকার উত্তর সিটি করপোরেশনের ফায়দাবাদ কাঁঠালতলা এলাকার কামাল হোসেনের মেয়ে। তিনি স্থানীয় হোটেল সি পার্লের কর্মী ছিলেন বলে জানা গেছে। তবে পরিচয়পত্রে পাওয়া তথ্য তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
উখিয়ায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, উখিয়া (কক্সবাজার) থেকে
৫ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
