ছিনতাইয়ের অভিযোগে কৃষক দল নেতাসহ গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

নওগাঁর মহাদেবপুরে এক ভাঙাড়ি ব্যবসায়ীর পিকআপে সংঘটিত হওয়া ছিনতাইয়ের মাত্র আট ঘণ্টার মধ্যেই রহস্য উদ্‌ঘাটন করেছে জেলা পুলিশ। ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কৃষক দলের নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি ও থানা পুলিশ। সেই সঙ্গে তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৯ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল তিনটায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান- পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার চৌদ্দমাইল ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর ওই রাতেই যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার ঈশ্বরলক্ষ্মীপুর গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে বর্তমানে উপজেলা সদরের বাগানবাড়ী গ্রামের বাসিন্দা রবিন (২৫)। রবিন উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক ও আরেক কৃষক দল নেতা রামচরণপুর দক্ষিণপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুন্না (২৪)। এর আগে মুন্নার বিরুদ্ধে একটি চুরির মামলাসহ আরও ২টি মামলা রয়েছে। আর মূল পরিকল্পনাকারী ডিমজাউন গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও পিকআপচালক সোহেল রানা (২৫)। থানা পুলিশ ওই স্থানীয় সূত্র জানায়, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রাঘববাড়িয়া গ্রামের আব্দুল বারী মণ্ডলের ছেলে আব্দুল আলিম (৩৪) মহাদেবপুর উপজেলায় সরকারি গোডাউনের পাশে নাসির মাস্টারের দোকানঘর ভাড়া নিয়ে ভাঙাড়ি ব্যবসা করে আসছেন। মঙ্গলবার ভুক্তভোগী আব্দুল আলিমের দোকানের ম্যানেজার ও চাচাতো ভাই মজনু মিয়া (৩৫) এবং পিকআপ-চালক সোহেল রানা (২৫) বগুড়া থেকে ভাঙাড়ি বিক্রি করে ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে আসছিল।

পথিমধ্যে ঘটনাস্থলে এলে হঠাৎ করে ওই পিকআপটি বিকল (নষ্ট) হয়। এ সময় ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে গিয়ে ড্রাইভার সোহেলকে হালকা মারধর এবং ম্যানেজার মজনু মিয়াকে ব্যাপক মারধর করে মালামাল বিক্রির নগদ ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। তাদের চৎকারে পথচারীরা এসে তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মজনুকে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বিষয়টি পুলিশ সুপারের নজরে আসা মাত্রই তিনি ঘটনা উদ্‌ঘাটনের নির্দেশ দেন। এ বিষয়ে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিনকে দল থেকে বহিষ্কার করা হবে।