চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আবু হেনা মোস্তফা জামান নামে এক প্রবাসীর বাড়িঘর ভাঙচুরসহ লুটপাটের ঘটনায় মামলা গ্রহণে গড়িমসির অভিযোগ উঠেছে নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথের বিরুদ্ধে। এসব অভিযোগের প্রতিকার চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগীর মা নাসরিন আলম। গত ৩১শে অক্টোবর আইজিপি’র কাছে লিখিত আবেদনে নাসরিন নাচোল থানার ওসিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ত করে প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আইজিপি’র কাছে দেয়া অভিযোগে বলা হয়, গত ১৮ই অক্টোবর পশ্চিম নাচোল উপজেলার মির্জাপুর গ্রামে প্রবাসী আবু হেনা মোস্তফার সেমিপাকা বাড়িটি একদল সশস্ত্র ব্যক্তি ভেঙে গুঁড়িয়ে দেয়।
এ সময় বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। নাসরিনের অভিযোগ, ঘটনার পরদিন পরিবারের কেয়ারটেকার মো. শরিফুল ইসলাম মামলা করতে নাচোল থানায় গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরে একাধিকবার থানায় যাওয়ার পর শেষ পর্যন্ত গত ২৩শে অক্টোবর এজাহার গ্রহণ করে মামলা রুজু করা হয়। নাসরিন আবেদনে ঘটনাটির নিরপেক্ষ তদন্তসহ পরিবারের সদস্য, কেয়ারটেকার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। মামলা নিতে গড়িমসির অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাচোল থানার ওসি বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীর ছেলে ২০১৫ সালে ৯ বিঘা জমি লিজ নিয়ে সেখানে একটি অস্থায়ী ঘর নির্মাণ করেছিলেন। লিজের মেয়াদ শেষ হওয়ার পর তারা দখল ছাড়ছিলেন না। জমির মালিকরা ওই ঘরটি ভাংচুরের করেছে। এ ঘটনায় মামলা নেয়া হয়েছে।
