দ্বিতীয় দফা রিমান্ড শেষে কারাগারে এমপিপুত্র

ছাত্রদল নেতা শাকিল হত্যা

দ্বিতীয় দফা রিমান্ড শেষে কারাগারে এমপিপুত্র

ফন্ট সাইজ:

নাটোরের গুরুদাসপুরে ছাত্রনেতা শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনের বিএনপি এমপি আব্দুল আজিজের ছেলে যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় দুইদিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে ডিবি কার্যালয় থেকে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশ। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে গুরুদাসপুর আমলি আদালতে হাজির করে। এ সময় আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান নুরুজ্জামান মিন্টুকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, শাকিল হত্যা মামলায় অধিক তদন্তের জন্য মিন্টুকে দ্বিতীয় দফায় আদালতের অনুমতিতে দুইদিনের রিমান্ডে নেয়া হয়। দুইদিনের রিমান্ড শেষে নুরুজ্জামান মিন্টুকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়।

পরে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত ২৬শে অক্টোবর রাতে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নাটোরের গোয়েন্দা পুলিশ (ডিবি) নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি আব্দুল আজিজের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় ডিবি পুলিশ। পরের দিন নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। আদালতের বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর দ্বিতীয় দফায় দুইদিনের রিমান্ডে নেয়া হয় মিন্টুকে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় পুলিশের তদন্ত কাজ গুরুত্বের সঙ্গে চলছে। তদন্তে পাওয়া তথ্য মতে, বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। অভিযানে এই মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ই অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন শাকিল। পরে ২৬শে অক্টোবর রাতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম।