আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিষয়ক র্যাঙ্কিংয়ে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র্যাঙ্কিং ২০২৭-এ দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষ ১০০-তে জায়গা করে নিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। একই র্যাঙ্কিংয়ে এশিয়া জুড়ে ‘সাইটেশনস পার পেপার’ সূচকে ৮৬তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। গত মঙ্গলবার আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রতিষ্ঠান কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের (উচ্চশিক্ষা ব্যবস্থা) ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় প্রথম হয়েছে হংকং বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। এশিয়ার প্রতিযোগিতামূলক উচ্চ শিক্ষাঙ্গনে গাকৃবি’র এ অবস্থান বাংলাদেশের কৃষি ও উচ্চশিক্ষা খাতের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন।
র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এ অর্জন আমাদের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা এবং গবেষণার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সাফল্যকে কেবল র্যাঙ্কিংয়ের অবস্থানে সীমাবদ্ধ না রেখে গবেষণার সুফল মানুষের কাছে পৌঁছে দেয়া, নতুন প্রজন্মকে দক্ষ ও মানবিক করে গড়ে তোলা এবং দেশের টেকসই উন্নয়নে অবদান রাখার লক্ষ্য সামনে রেখেই গাকৃবি এগিয়ে যাচ্ছে।
