ময়মনসিংহের নান্দাইলে ফ্যামিলি কার্ড ও বিভিন্ন ভাতার কার্ড পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে অসহায় নারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে হানিফ মিয়া নামের এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত হানিফ নান্দাইলের বাতুয়াদী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে হানিফ নান্দাইলের নিজ ইউনিয়নের কোনাদেউলডাংরা, তেলিয়াপাড়া ও বাতুয়াদী গ্রামের প্রায় ৩০/৩৫ জন নারীর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকার বেশি হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগী কোনাদেউলডাংরা গ্রামের সালমা, অজুফা, ললিতা, তানিয়া, রাবিয়া, রুশেদা, আকলিমা সহ অনেকে জানান, সরকারি সহায়তা কার্ডের জন্য তালিকায় নাম তোলার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ১ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নগদ নেয় হানিফ। তারা আরও জানান, আমরা অসহায় মানুষ।
টাকা ছাড়া তালিকায় নাম উঠবে না এবং ভাতা কার্ড পাওয়া যাবে না বলায় আমরা তাকে টাকা দিয়েছি। এখন কার্ডও দিচ্ছে না, টাকাও ফেরত দিচ্ছে না। ভুক্তভোগীরা বিষয়টি ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপি’র সভাপতিকে জানিয়েছেন বলে জানান। অভিযোগের বিষয়ে গ্রাম পুলিশ হানিফ নারীদের কাছ থেকে টাকা হাওলাত হিসেবে নেয়ার কথা স্বীকার করে বলে, ফ্যামিলি কার্ডের জন্য কোনো টাকা নিইনি।
তবে আমি ঋণগ্রস্ত থাকায় অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া ও ধারের কথা বলে টাকা নিয়েছি। পরবর্তীতে টাকা ফেরত দিতে দেরি হওয়ায় আমার ওপর ফ্যামিলি কার্ডের জন্য টাকা নেয়ার মিথ্যা দোষ চাপানো হচ্ছে। এ বিষয়ে জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল বলেন, এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর ওই গ্রাম পুলিশকে নারীদের টাকা দ্রুত ফেরত দিতে নির্দেশ দিয়েছি। নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
