কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস দেশ আয়ারল্যান্ড, উৎসবের নতুন লোগো উন্মোচন

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস দেশ আয়ারল্যান্ড, উৎসবের নতুন লোগো উন্মোচন

ফন্ট সাইজ:

৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান এ বছর হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ১৬ই ডিসেম্বর থেকে শুরু হবে এ উৎসব। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবের ফোকাস দেশ আয়ারল্যান্ড। উৎসবের অতিথি তালিকায় রয়েছে নানা চমক। তবে বলিউডি তারকার ভিড় থাকছে এবারের উৎসবে। গত ২৭ অক্টোবর চলচ্চিত্র উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন প্রভাস, রজনীকান্ত, অনুপম খের। কঙ্গনা রনৌত ও পরেশ রওয়ালও আসবেন বলে জানিয়েছিলেন তিনি।

রোববারের বৈঠক থেকে জানা গিয়েছে, বলিউড থেকে অক্ষয় কুমার ও সঞ্জয় দত্তও এ বারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছেন। জনি লিভার ও অনুরাগ বসুও আসবেন বলে খবর। পাশাপাশি কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আন্তর্জাতিক ক্ষেত্র থেকেও অভিনেতা ও শিল্পীরা আসছেন। থাকছে ফিল্ম বাজারও। তার কথায়, নানা রকম নতুন ভাবনা রয়েছে চলচ্চিত্র উৎসবকে ঘিরে। রোববার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো-ও প্রকাশ্যে আনা হয়েছে। এই নতুন লোগোটি নতুন করে তৈরি করেছেন সত্যজিৎপুত্র সন্দীপ রায়। লোগো উন্মোচন করেছেন মিঠুন চক্রবর্তী। এদিনের বৈঠকে মিঠুন ও প্রসেনজিৎ ছাড়াও উপস্থিত ছিলেন হিরণ চট্টোপাধ্যায়, জিৎ, পাপিয়া অধিকারীরা।