মণিপুরে ধারাবাহিকভাবে অশান্তি ও গোলাগুলি ঘটছে। জাতিগত সংঘাতের কোনওভাবেই ইতি টানা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে শনিবার মণিপুরের নোনে জেলায় প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলিতে কুকি সম্প্রদায়ের তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার কেক্রু নাগা গ্রামে এই গোলাগুলি হয়েছে। পাহাড়ি ও বনাচ্ছাদিত ওই গ্রামে কয়েক ঘণ্টা ধরে চলা এই গোলাগুলিতে তিনজন প্রাণ হারিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে, ২৯ অক্টোবর থেকে ওই এলাকায় নাগা ও কুকি সম্প্রদায়ের অজ্ঞাত গোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত গোলাগুলি হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, শনিবারের ঘটনাটি ছিল গত তিন দিনের মধ্যে প্রথম, যাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুকি সম্প্রদায়ের সর্বোচ্চ সংগঠন ‘কুকি ইনপি মণিপুর’ (কেআইএম) এই তিন যুবককে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে কেআইএম অভিযোগ করেছে যে, এই হত্যাকাণ্ডের পেছনে ‘নাগা জঙ্গি গোষ্ঠীগুলো’ জড়িত। তারা এ ঘটনায় ‘বিচার, জবাবদিহিতা এবং সরকারের পক্ষ থেকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ’ গ্রহণের দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন থাংলেনসাং সিংগন, থাংখোসেই হাওকিপ এবং লামমিনসাং কিপগেন। তাদের সবার বাড়ি চূড়াচাঁদপুর জেলায়।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে চারটি স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল, একটি সিঙ্গেল-ব্যারেল রাইফেল, একটি ড্রোন, গোলাবারুদ এবং হাতে তৈরি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এদিকে, মেইতেই ও নাগা সম্প্রদায়ের যৌথ উদ্যোগে শনিবার ইম্ফলে একটি বিশাল মিছিল হয়েছে, যা ২০২৩ সালে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর মণিপুরের অন্যতম বৃহত্তম জনসমাবেশ ছিল। এই মিছিলটি যৌথভাবে আয়োজন করে কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি (ককোমি), ইউনাইটেড নাগা কাউন্সিল, জয়েন্ট ট্রাইবস কাউন্সিল, ফুট হিলস নাগা কোঅর্ডিনেটিং কমিটি, নাগা পিপল ইউনিয়ন ইম্ফল, নাগা হিউম্যানিটেরিয়ান এইড কমিটি মণিপুর, মণিপুর নাগা ইয়ুথ অর্গানাইজেশন , অল নাগা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, মণিপুর এবং পাহাড় ও উপত্যকার মানুষ।
জঙ্গিদের অতর্কিত হামলায় ১৪ জন মেইতেই পুরুষ নিহত হওয়ার কয়েকদিন পর এই মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যকার সংঘাতে এ পর্যন্ত অন্তত ৩০৬ জনের প্রাণহানি ঘটেছে, অন্যদিকে ফেব্রুয়ারি থেকে কুকি ও নাগা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রায় ৫০ জন নিহত হয়েছেন।
