শরিফুল রাজকে ৪৮ ঘণ্টার আইনি আলটিমেটাম প্রযোজকের

শরিফুল রাজকে ৪৮ ঘণ্টার আইনি আলটিমেটাম প্রযোজকের

ফন্ট সাইজ:

চুক্তি অনুযায়ী সিনেমার শুটিংয়ের শিডিউল না দেওয়ার অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরিন আক্তার সুমির পক্ষে গত ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান। নোটিশ সূত্রে জানা গেছে, ২০২৭ সালের কোরবানির ঈদে মুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠানটির ‘ঠিকানা’ সিনেমায় চুক্তিবদ্ধ হন রাজ। এ জন্য তাকে অগ্রিম পারিশ্রমিকও দেওয়া হয়।

চুক্তির শর্ত অনুযায়ী, ওই ঈদকে কেন্দ্র করে অন্য কোনো সিনেমায় অভিনয় কিংবা প্রচারে অংশ নেওয়ার সুযোগ নেই তার। তবে গত ৩১ আগস্ট কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনায় নির্মিত ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমায় রাজের অভিনয়ের খবর প্রকাশ্যে আসে। অভিনেতা নিজেও ফেসবুকে ছবিটির পোস্টার শেয়ার করেন। প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, বিষয়টি নিয়ে আপত্তি জানানোর পরও পোস্টার সরিয়ে নেননি রাজ। এর আগে গত ২ সেপ্টেম্বর তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। পরে রাজ ও তার ব্যবস্থাপক যোগাযোগ করে বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।

তবে এখন পর্যন্ত শুটিংয়ের শিডিউল দেওয়া হয়নি। এতে সিনেমাটির প্রাক্-প্রযোজনার কাজ পিছিয়ে যাচ্ছে এবং অংশীদার ও পৃষ্ঠপোষকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত শুটিংয়ের শিডিউল নিশ্চিত করতে বলা হয়েছে রাজকে। অন্যথায় অগ্রিম অর্থ ফেরতসহ প্রযোজনা প্রতিষ্ঠানের সব ধরনের ক্ষতিপূরণ ও লোকসানের দায়ভার তাকে নিতে হবে। পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত শরিফুল রাজের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।