প্রশ্ন তুললেন পারসা ইভানা

প্রশ্ন তুললেন পারসা ইভানা

ফন্ট সাইজ:

টেলিভিশন নাটকের নির্মাণে পরিচালকের স্বাধীনতা ও শিল্পী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী পারসা ইভানা। তার অভিযোগ, অনেক ক্ষেত্রে চরিত্রের সঙ্গে মানানসই অভিনয়শিল্পী নির্বাচন করা সম্ভব হয় না। নায়ক কিংবা প্রযোজকের পছন্দকে প্রাধান্য দিতে গিয়ে শেষ মুহূর্তে বদলে যায় পরিচালকের পরিকল্পিত কাস্টিং। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে দেশের নাট্যাঙ্গনের বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে নিজের মতামত তুলে ধরেন এ অভিনেত্রী। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোতে নাটকের অভিনয়, পরিচালনা ও চিত্রনাট্য নিয়ে নিয়মিত বিশ্লেষণ হয়। শিল্পীদের ভুলত্রুটিও আলোচনায় আসে।

কিন্তু বাংলাদেশে এমন গঠনমূলক সমালোচনার চর্চা খুব একটা দেখা যায় না। অভিনয়ের দুর্বলতা কিংবা উচ্চারণের ভুল শুধরে দেয়ার সুযোগ তৈরি হওয়া প্রয়োজন। এতে শিল্পীদের দক্ষতা বাড়বে, পাশাপাশি নাটকের মানও উন্নত হবে। কাস্টিং প্রসঙ্গে তিনি জানান, লেখক, পরিচালক ও প্রযোজকের পছন্দের মধ্যে সমন্বয় না থাকলে ভালো নির্মাণ বাধাগ্রস্ত হয়। অনেক সময় পরিচালকের সিদ্ধান্তের বাইরে গিয়ে নায়ক কিংবা প্রযোজকের চাপে অভিনয়শিল্পী পরিবর্তন করতে হয়। এতে চরিত্রের উপযোগী শিল্পী নির্বাচনের সুযোগ কমে যায়।

অভিনেত্রী বলেন, নির্মাণের ক্ষেত্রে ব্যক্তিগত সুবিধার পরিবর্তে গল্প ও চরিত্রকে গুরুত্ব দেয়া উচিত। অন্যথায়, সম্ভাবনাময় অনেক গল্পই পর্দায় যথাযথভাবে উপস্থাপিত হবে না। কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ইভা চরিত্রে অভিনয় করে পরিচিতি পান পারসা ইভানা। ২০১৮ সাল থেকে ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি।