দীর্ঘ সময় ধরে পর্দায় নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিশেষ করে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকটাই আড়ালে চলে যান তিনি। এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্র্রে। এরপর থেকে দেশের বাইরেই রয়েছেন তিনি। মাহির সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিল ২০২৪ সালের এপ্রিলে। ছবির নাম ‘রাজকুমার’। তাও এখানে অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। শাকিব খানের মায়ের চরিত্রে এখানে অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি। তবে নায়িকা হিসেবে মাহির ছবি মুক্তি পাচ্ছে না বেশ কয়েক বছর হয়ে গেছে। এবার মাহি ভক্তদের জন্য নতুন খবর হলো- দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছে এ নায়িকার সিনেমা ‘আনন্দ অশ্রু’।
ছবিটিতে তিনি অভিনয় করেছেন সাইমন সাদিকের বিপরীতে। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। ছবিটির সব কাজ শেষ হয়েছে ও সেন্সর হয়েছে প্রায় দুই বছর আগে। আসছে ১৩ই নভেম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। পরিচালক ও নায়ক সাইমন সামাজিক মাধ্যমে ছবিটির প্রচারণা শুরু করেছেন। তবে এখন পর্যন্ত মাহিকে এ বিষয়ে কোনো প্রচারণায় দেখা যায়নি। এর আগে সালমান ও শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’ ছবিটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এবার এই নামেই ছবিটি মুক্তি পাচ্ছে। তবে এটি একেবারেই মৌলিক গল্পে তৈরি চলচ্চিত্র। ছবিটি নিয়ে মাহি বেশ আশাবাদী বলেও আগে জানিয়েছিলেন। তার কথায়, এটি ভালোবাসা, বিরত ও কষ্টের একটি ছবি। আমার বিশ্বাস, ছবিটি দর্শকদের ভালো লাগবে।
