কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কারখানায় আগুন

কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কারখানায় আগুন

ফন্ট সাইজ:

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা চালিয়েছেন পোশাকশ্রমিকেরা। রোববার দুপুর ১২ টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় মন্ডল গ্রুপে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

এদিন সকাল থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ বিভিন্ন পয়েন্টে সহিংসতা ও অবরোধের ঘটনা ঘটে। এতে মহাসড়কের কালিয়াকৈর ফায়ার সার্ভিস এলাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গ ও ঢাকামুখী হাজার হাজার যাত্রী, বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল এবং ফাঁকা গুলি ছোড়ে। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

শিল্প পুলিশ জানায়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জানমালের নিরাপত্তায় চন্দ্রা ও সফিপুর এলাকার অন্তত ২০টি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

হাইওয়ে ও জেলা ট্রাফিক পুলিশ জানায়, মহাসড়ক সচল করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে চন্দ্রা ত্রিমোড় ও সফিপুর এলাকায় শ্রমিকদের অবস্থান থাকায় যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।