এবার পুজো দিয়ে ধর্মীয় বিতর্কে সারা

এবার পুজো দিয়ে ধর্মীয় বিতর্কে সারা

ফন্ট সাইজ:

বলিউড অভিনেত্রী সারা আলি খানকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে গিয়ে পুজো দেওয়ায় তার সমালোচনায় সরব হয়েছেন এক মুসলিম ধর্মীয় নেতা। এমনকি ইসলামি শরিয়তের বিধান লঙ্ঘনের অভিযোগ তুলে অভিনেত্রীকে তওবা করার পরামর্শও দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মুফতি শাহাবুদ্দিন রাজভি বেরলভী একটি ভিডিও বার্তায় সারার মন্দিরে পুজো দেওয়ার ঘটনায় আপত্তি জানান। তার দাবি, ইসলামি শরিয়ত অনুযায়ী কোনো মুসলমানের অন্য ধর্মের উপাসনালয়ে গিয়ে পুজো দেওয়া কিংবা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি নেই। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই বিধান সমানভাবে প্রযোজ্য বলে মন্তব্য করেন তিনি।

ভিডিও বার্তায় মুফতি বলেন, সারার কেদারনাথ দর্শন নিয়ে কয়েকজন মুসলিম যুবক তার কাছে জানতে চেয়েছিলেন। তাদের প্রশ্নের জবাব দিতে গিয়েই তিনি নিজের অবস্থান তুলে ধরেন। তার বক্তব্য, শরিয়তের বিচারে সারার এই কাজ অপরাধ। তাই অভিনেত্রীকে তওবা করতে হবে। অন্যথায় আল্লাহর কাছে তাকে অপরাধী হিসেবে গণ্য হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর কেদারনাথ মন্দিরে গিয়ে সাধারণ ভক্তদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে পুজো দেন সারা। মন্দিরে তার উপস্থিতির ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা। কেদারনাথের প্রতি সারার অনুরাগ অবশ্য নতুন নয়। এর আগেও একাধিকবার মন্দিরটি দর্শনে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী। তবে এ বিষয়ে সারার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।