বলিউডে স্বজনপোষণ নিয়ে বিতর্কের মধ্যেই নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেত্রী সারা আলী খান। তার দাবি, তারকা পরিবারের সন্তান হলেও চলচ্চিত্রে কাজ পাওয়ার ক্ষেত্রে তার হয়ে কেউ বিশেষভাবে সুপারিশ করেননি। এমনকি বাবা সাইফ আলী খানও তার জন্য প্রযোজকদের কাছে কাজ চাইতে যাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা জানান, পরিচিত পরিবারে জন্মানোর কারণে কিছু সুবিধা পেয়েছেন, তা তিনি অস্বীকার করেন না। তবে এর সঙ্গে বাড়তি প্রত্যাশা, চাপ এবং অন্যদের সঙ্গে তুলনার বিষয়টিও জড়িয়ে রয়েছে। তার বক্তব্য, কেউ তার হয়ে কাজের ব্যবস্থা করেননি কিংবা চুক্তি চূড়ান্ত করেননি। নিজের জায়গা তৈরি এবং কাজ ধরে রাখার লড়াই তাকেই করতে হয়েছে।
২০০৪ সালে সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের বিচ্ছেদের পর মূলত মায়ের কাছেই বড় হয়েছেন সারা। এই অভিজ্ঞতা তাকে স্বাবলম্বী হতে শিখিয়েছে বলে জানান অভিনেত্রী। তবে বাবা তার জীবনের অংশ ছিলেন এবং প্রয়োজনের সময় পরামর্শ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। সারা আরও জানান, তার দাদা প্রয়াত নবাব মনসুর আলী খান পতৌদি এবং দাদি বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তার মতে, স্বজনপোষণ শব্দটি এখন এতটাই নেতিবাচকভাবে ব্যবহৃত হয় যে, অনেক সময় একজন অভিনেতার ব্যক্তিগত পরিশ্রম ও প্রতিভা আড়ালে পড়ে যায়। এদিকে, গত ২৩শে অক্টোবর মুক্তি পেয়েছে সারার নতুন স্পাই-কমেডি সিনেমা ‘উড়তা তীর’। করণ জোহর প্রযোজিত ছবিটিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে অভিনয় করেছেন তিনি।
