অধিকাংশ ভোট গণনা শেষে ইসরাইলের নির্বাচনে রাজনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোট-কেউই ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের অবস্থানে নেই। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর জোট পেতে পারে ৫৩টি আসন। বিদায়ী নেসেটে তার নেতৃত্বাধীন জোটের আসন ছিল ৬৮টি। তবে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি একক দল হিসেবে পার্লামেন্টের সবচেয়ে বড় দল হতে যাচ্ছে।
অন্যদিকে নেতানিয়াহুবিরোধী দলগুলো সম্মিলিতভাবে প্রায় ৪৮টি আসন পেতে পারে।
নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে হলে তাদের আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা করতে হতে পারে। আরব নেতৃত্বাধীন দলগুলো ১৬টি আসন পেতে পারে। এবারের নির্বাচনে আরব ভোটারদের উপস্থিতি রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
এদিকে, বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পেয়েছেন নেতানিয়াহু। দেশটির ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বিবেচিত এ নির্বাচনে ইহুদি ভোটারদের সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিয়ে আপাতত ক্ষমতায় টিকে থাকার পথ তৈরি হয়েছে তার।
দেশটিতে মঙ্গলবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ দশমিক ৭ শতাংশ, যা দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। এদিকে, নতুন করে নির্বাচন এড়াতে রাজনৈতিক দলগুলোকে ‘খোলা মন’ নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট।
