রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকী’র অফিস কক্ষে ঢুকে তাকে মারধরের ঘটনা ঘটেছে। চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কর্মীরা দলবদ্ধভাবে এ ঘটনা ঘটান বলে জানিয়েছেন পরিচালক নিজেই। গতকাল বেলা ১১টায় আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে ড্যাব-কর্মীরা তাকে লাঞ্ছিত করলেন, সে বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি তিনি।
গতকাল ঘটনার সঙ্গে জড়িত ডা. জাহিদ হাসান নামের ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদকের পদ স্থগিত করেছে সংগঠনটি। একই সঙ্গে তাকে কারণ দর্শানোরও নোটিশ দেয়া হয়েছে। এই বিষয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
সূত্র জানায়, ঘটনার সময় পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকী নিজের কক্ষে কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় হঠাৎ ৮ থেকে ৯ জন ব্যক্তি তার কক্ষে প্রবেশ করেন। তারা তাকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে মারধর শুরু করেন। ঘটনার বিষয়ে উল্লেখ করে আইইডিসিআর পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকী মানবজমিনকে জানান, তিনি এ ঘটনায় প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিকভাবে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে তদন্তের নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ গণমাধ্যমকে জানান, কাজী আহমেদেরও তো কিছু দোষ আছে। এই সরকারের সময় কাজী আহমেদ কী করে আইইডিসিআর’র সাবেক পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে তার নিজের অফিসে বৈঠক করেন।
ঘটনার একটি সিসিটিভি ভিডিওতে দেখা যায়, সকালে অধ্যাপক জাকী তার কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় বাইরে থেকে ডা. জাহিদসহ কয়েকজন ঘরের ভেতরে ঢুকে অধ্যাপক জাকীকে চেয়ার থেকে তুলে গলায় ধাক্কা দিতে দিতে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঘরে থাকা অন্য ব্যক্তিরা ডা. জাহিদ ও তার সঙ্গে আসা ব্যক্তিদের বাধা দিয়ে বাইরে পাঠিয়ে দেন। পরে অধ্যাপক জাকী আবার গিয়ে তার চেয়ারে বসেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল গণমাধ্যমকে বলেন, “আমি ঘটনাটি শুনেছি। অভ্যন্তরীণ কিছু বিষয় জিজ্ঞেস করার জন্য ড্যাবের কর্মীরা সেখানে গিয়েছিল।” তবে মারধর বিষয়ে তিনি বলেন, “এমন ঘটনার সত্যতা পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।” বিএনপি সরকার গঠনের পর আইইডিসিআর’র পরিচালক পদে অধ্যাপক কাজী জাকীকে নিয়োগ দেয়া হয়। তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সমপ্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে তিনি গবেষণা করেন।
সেই চিকিৎসকের সদস্যপদ স্থগিত করলো ড্যাব: আইইডিসিআর’র কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের ঘটনায় চিকিৎসক জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে ড্যাব। একইসঙ্গে তাকে কারণ দর্শানোরও নোটিশ দেয়া হয়েছে। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ। অভিযুক্ত ডা. জাহিদ হাসান ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন। ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়, বুধবার সকালে আইইডিসিআর পরিচালকের কক্ষে অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে ডা. জাহিদের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- এই মর্মেক আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ড্যাব সভাপতি ও মহাসচিব বরাবর যথোপযুক্ত জবাব দিতে হবে।
৩ সদস্যের তদন্ত কমিটি: আইইডিসিআর’র পরিচালকের কার্যালয়ে পরিচালকের ওপর হামলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদের নেতৃত্বে গঠিত কমিটিকে আগামৗী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
