লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে খোরশেদ বাহিনীর প্রধান খোরশেদকে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ নিয়ে উপজেলায় তিনদিনের ব্যবধানে দু’জন খুন হলো। নিহত খোরশেদ দিলসালপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার অভিযোগ করে বলেন, খোরশেদ মাটির ব্যবসা করতো। দুপুরে তাকে বাড়ি থেকে মোরশেদ ও মজিদ নামের দু’জন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে শুনেন ওয়ালিদ নামে একজন প্রতিপক্ষ তাকে গুলি করে। ওয়ালিদ মাটির ব্যবসা নিয়ে এর আগেও বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। এমতাবস্থায় বুধবার দুপুরে তাকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়। আকলিমা আরও বলেন, গুলির শব্দ শুনে আমি দৌড়ে যাই। এ সময় দেখি আমার স্বামীর বুক রক্তে লাল। দ্রুত হাসপাতালে নিয়ে যাই। ততক্ষণে সব শেষ।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হাসান রনি বলেন, খোরশেদকে হাসপাতালে মৃত আনা হয়েছে। তার বুকে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ ফারভেজ বলেন, খোরশেদ বাহিনীর প্রধান নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। লাশ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
