ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে একজন ও রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৮১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ১৯৪ জন, খুলনা বিভাগে ২১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৩, ময়মনসিংহ বিভাগে ৮৪, রাজশাহী বিভাগে ২১৭, রংপুর বিভাগে ১১৬ ও সিলেট বিভাগে ২৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৯২ জন মারা গেছেন। এ সময়ে খুলনা বিভাগে ৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুরে ৭ জন ও সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।