দুর্গাপূজার পাস বিলির মামলায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কংগ্রেস আমলের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। গতকাল বিকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরা দিয়ে বেরুনোর সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।
পুলিশ সূত্রে খবর, ইন্দ্রনীলকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তে অসহযোগিতার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্দ্রনীলের গ্রেপ্তার প্রসঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ওর বিরুদ্ধে ইডি এবং কলকাতা পুলিশ তদন্ত করছিল। তারা নিশ্চয়ই তথ্যপ্রমাণ পেয়েছে। ইন্দ্রনীল সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন। মমতার সঙ্গে একই গাড়িতে ঘুরতেন, গান গাইতেন। মমতার বহু গানের সুরও দিয়েছেন তিনি।
অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে অর্থ পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)’র জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ইন্দ্রনীলকে তলব করা হয়েছিল। সেই অনুযায়ী তিনি হাজিরা দিয়েছিলেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরোনোর পর কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
কলকাতা পুলিশ ইন্দ্রনীল সেনের স্ত্রীর নেতৃত্বাধীন ‘ম্যাস আর্ট সোসাইটি’ নামক একটি সংস্থার কথিত আর্থিক অনিয়ম নিয়ে তদন্ত করছে। সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ, তারা দুর্গাপূজার প্রিভিউ শো এবং ভিআইপি টিকিট বিক্রির জন্য ইউনেস্কো-সমর্থিত একটি সংস্থার সঙ্গে যোগসূত্র থাকার দাবি করে সাধারণ মানুষের কাছ থেকে ৫০-৬০ কোটি টাকা সংগ্রহ করেছিল।
এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দুর্গাপূজার প্রিভিউ শো আয়োজন এবং পাস বিক্রিতে কথিত আর্থিক অনিয়মের তদন্তের অংশ হিসেবে ইডিও পাশাপাশি তদন্ত করছে। এই মামলায় ইডি এর আগেও বেশ কয়েকবার সাবেক এই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল। তার কসবার বাড়ি এবং সিঙ্গুরের বাগানবাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল।
ইন্দ্রনীলের বিরুদ্ধে পূজার পাস বিলি নিয়ে দুর্নীতি সংক্রান্ত মূল অভিযোগটি দায়ের করা হয়েছিল কলকাতা পুলিশের কাছে। বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেন জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। তার অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়েছিল। পরে ইডি-ও তদন্ত শুরু করে।
