পাকিস্তানের অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশে কালাতের বর্তমান খান সুলেমান খান দাউদের ছেলে প্রিন্স মুহাম্মদ খান আহমেদজাইকে তিন সশস্ত্র দেহরক্ষীসহ অপহরণ করা হয়েছে। মঙ্গলবার পুলিশ এই তথ্য জানিয়েছে। পুলিশের কোয়েটা সদর দপ্তর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী, সোমবার রাতে খুজদার থেকে কালাত যাওয়ার পথে মহাসড়কে সশস্ত্র ব্যক্তিরা প্রিন্স আহমেদজাইয়ের গাড়ির গতিরোধ করে।
পুলিশ জানায়, এরপর বন্দুকধারীরা প্রিন্স আহমেদজাই ও তার সঙ্গে থাকা তিন সশস্ত্র দেহরক্ষীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। উল্লেখ্য, কালাতের খান হলো সাবেক কালাত খানদের শাসকদের ঐতিহাসিক উপাধি।
বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কালাতকে কেন্দ্র করে গড়ে ওঠা এই দেশীয় রাজ্যটি ব্রাহুই জনগোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত হতো। কালাতের বর্তমান খান সুলেমান দাউদ বৃটেনের ওয়েলসে বসবাস করেন। বেলুচিস্তানে কালাতের খানের পরিবার অত্যন্ত সম্মানিত। অঞ্চলটির রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা, স্বতন্ত্র পরিচয় গড়ে তোলা এবং জনগণের সাংস্কৃতিক গৌরব বিকাশে ঐতিহাসিক ভূমিকার কারণে পরিবারটির প্রতি মানুষের বিশেষ শ্রদ্ধা রয়েছে।
