হ্যারি কেইনের প্রতি বিশেষ সম্মাননা বায়ার্নের

হ্যারি কেইনের প্রতি বিশেষ সম্মাননা বায়ার্নের

ফন্ট সাইজ:

২০২৬ ব্যালন ডি’অর জয়ের মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে নিজেদের সেরা তারকা হ্যারি কেইনের প্রতি রাজকীয় সম্মাননা প্রদান করলো বায়ার্ন মিউনিখ। সোমবার রাতে কেইনের হাতে বর্ষসেরার ট্রফি ওঠার ঘোষণার পর পরই ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনাকে সোনালি আলোয় ভাসিয়ে দেয় বাভারিয়ানরা। কেবল জার্মানিতেই নয়, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের বিখ্যাত আর্চটিও কেইনের সম্মানে ভেসে ওঠে সোনালি আভায়।

ঐতিহাসিক এই অর্জন উদ্‌যাপনে কেইনের জন্য এক বিশেষ স্মারক জার্সিও বাজারে ছেড়েছে বায়ার্ন মিউনিখ। ক্লাবটির অফিসিয়াল স্টোরে পাওয়া যাচ্ছে চলতি মৌসুমের ঘরের মাঠের এই নতুন জার্সি, যেখানে কেইনের বিশ্বখ্যাত ‘৯’ নম্বর ও নামটিকে সাধারণ সাদার বদলে চকচকে সোনালি রংয়ে রাঙানো হয়েছে। লন্ডনের জাঁকজমকপূর্ণ দ্য অঁতের নৈশভোজে ৩৩ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং বার্সেলোনার লামিন ইয়ামালকে পেছনে ফেলে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর উঁচিয়ে ধরেন। ফ্রান্স ফুটবলের প্রধান সম্পাদক পরবর্তীতে নিশ্চিত করেন, ২০০৪ সালের পর সবচেয়ে কম পয়েন্টের ব্যবধানে এমবাপ্পেকে হারিয়ে এই ঐতিহাসিক খেতাব জিতেছেন কেইন। অ্যাওয়ার্ড হাতে নিয়ে কেইন বায়ার্ন মিউনিখের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বায়ার্ন মিউনিখের হয়ে খেলাটা আমার জন্য অত্যন্ত সম্মানের।

জার্মানিতে এসে আমি ফুটবলার, মানুষ এবং একজন নেতা হিসেবে নিজেকে নতুন করে উন্মোচিত করতে পেরেছি।’ তিনি সতীর্থদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন, ‘তোমাদের সমর্থন ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। এই ট্রফিটি বায়ার্ন মিউনিখে নিয়ে যেতে পেরে আমি অত্যন্ত গর্বিত।’ হাসপাতালে চিকিৎসাধীন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানিকে স্মরণ করে কেইন বলেন, ‘আশা করি এই অর্জন আপনাকে কিছুটা হলেও মানসিক শক্তি দেবে।’ কেইনের এই অবিস্মরণীয় প্রাপ্তিতে বায়ার্ন সভাপতি হার্বার্ট হাইনার এটিকে ক্লাবের জন্য এক ‘গর্বের দিন’ হিসেবে অভিহিত করেছেন। এ ছাড়া, বায়ার্ন মিউনিখ জানিয়েছে, আগামী শনিবার বুন্ডেসলিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ‘ডের ক্লাসিকার’-এ কেইনের এই অবিস্মরণীয় অর্জনকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হবে।