আলভারেজের সঙ্গে যোগাযোগ করে জরিমানা গুনলো বার্সেলোনা

আলভারেজের সঙ্গে যোগাযোগ করে জরিমানা গুনলো বার্সেলোনা

ফন্ট সাইজ:

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের সঙ্গে নিয়মবহির্ভূতভাবে যোগাযোগের অভিযোগে বার্সেলোনাকে ৫০৩ পাউন্ড (প্রায় ৮৪ হাজার টাকা) জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। অ্যাটলেটিকো মাদ্রিদের করা আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে এই শাস্তি দেয়া হয়েছে। অ্যাটলেটিকোর অভিযোগ ছিল, বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ আগে থেকে কোনো লিখিত নোটিশ না দিয়েই তাদের স্ট্রাইকার আলভারেজের সঙ্গে যোগাযোগ করে। ক্লাবটির সঙ্গে ২৬ বছর বয়সী এই তারকার বর্তমান চুক্তি রয়েছে ২০৩০ সালের জুন পর্যন্ত। এ বিষয়ে মাদ্রিদের ক্লাবটি ফিফার কাছেও অভিযোগ জানায়। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি জানায়, এই বিষয়ে হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার তাদের নেই। চলতি মৌসুমে অ্যাটলেটিকোর কিছু সমর্থকের কাছ থেকে দুয়োর মুখে পড়েন আলভারেজ। তবে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে গত ম্যাচে জয়সূচক গোল করে সমর্থকদের অভিবাদন পান তিনি। এ জয়ের সুবাদে দিয়েগো সিমিওনের দল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সার সঙ্গে মাত্র দুই পয়েন্ট ব্যবধানে চলে এসেছে।
ম্যাচ শেষে সমর্থকদের কাছে নিজের ভুল স্বীকার করে আলভারেজ বলেন, ‘গ্রীষ্মকালে বার্সেলোনা নিয়ে করা আমার মন্তব্যটি ভুল ছিল। ভক্তরা কেন ক্ষুব্ধ, আমি তা সম্পূর্ণ বুঝতে পারি। আমি সমর্থক হলেও রাগ করতাম, বিশেষ করে তারা যেভাবে আমাকে সমর্থন দিয়ে আসছে।’

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি থেকে প্রায় ৮ কোটি ১৫ লাখ পাউন্ডের চুক্তিতে অ্যাটলেটিকোতে যোগ দেন আলভারেজ। সিটির জার্সিতে ১০৩ ম্যাচে ৩৬ গোল করার পর, মাদ্রিদের ক্লাবটির হয়ে ১১৫ ম্যাচে ৫১ গোল করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।